Wednesday, August 13, 2025

29>|| কৃপা লাভের উপায় ||

    29>|| কৃপা লাভের উপায় ||


কৃপা কিভাবে আসে ?

_শ্রীরামকৃষ্ণ দেবের একটি গল্প আছে::--


   ভগবতী হিমালয়ের ঘরে তাঁর কন্যা হয়ে জন্মেছেন , কন্যার মতোই হেসে খেলে বেড়াচ্ছেন। একদিন হিমালয় তাঁকে বললেন , ' তোমাকে তো আমি আমার কন্যারূপেই দেখছি , তোমার স্বরূপ কি তা জানতে ইচ্ছে হচ্ছে।' জগজ্জননী তাঁকে বললেন , ' বাবা , আমার স্বরূপ যদি প্রত্যক্ষ করতে চাও , তাহলে মুনিঋষিরা যেমন আমার স্বরূপ প্রত্যক্ষ করার আগে জন্ম-জন্ম ধরে তপস্যা করেছিলেন , তোমাকেও তাই করতে হবে। আমি তোমার কন্যা হয়ে এসেছি বলেই যে তুমি তা প্রত্যক্ষ করতে পারবে , তাই হয় না।' আধ্যাত্মিক জীবনে এইটিই  সত্য ! আমরা যখন আমাদের সর্বশক্তি নিয়োগ করে ভগবানলাভ করতে চাই , তখনই তিনি কৃপা করেন , তাছাড়া নয়।_

       _কৃপা কিভাবে আসে তার আর একটি গল্প আছে --- দুটি পাখির গল্প। পাখি দুটি সমুদ্রের বেলাভূমিতে ডিম পেড়েছিল। ডিম সেখানেই রেখে তারা খাদ্যের সন্ধানে বেরুলো। ফিরে এসে দেখে সেই ফাঁকে সমুদ্রের ঢেউ এসে ডিম দুটিকে ভাসিয়ে নিয়ে গেছে। দেখে খুব রাগ হলো তাদের ; তারা স্থির করলে , সমুদ্রের জল শুষে ফেলে ডিম দুটি ফিরিয়ে আনবে। তখনই কাজে লেগে গেল --- ঠোঁটে করে জল এনে বালির উপর ফেলতে লাগল। দিনরাত একইভাবে এই কাজ চললো। সমুদ্রের দেবতা বরুণদেব এদের কাণ্ড দেখে দুঃখ পেয়ে কাছে এসে জিজ্ঞেস করলেন , " কি  করছ তোমরা ?" পাখি দুটি বলল , " সমুদ্র আমাদের ডিম ভাসিয়ে নিয়ে গেছে। আমরা ডিম দুটি ফিরে পাবার জন্য সমুদ্রকে শুকিয়ে দেবার চেষ্টা করছি।" তাদের অধ্যাবসায় ও সঙ্কল্পের দৃঢ়তা দেখে বরুণদেব ডিম দুটি ফিরিয়ে দিলেন।_


- স্বামী বীরেশ্বরানন্দ

(তথসূত্রঃ👉 ভগবানলাভের পথ)

➖➖➖➖➖


No comments:

Post a Comment